২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড নিয়ে নাহিদের ক্ষোভ

অনিয়ম-দুর্নীতিসহ নানা কারণে সংকটে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা ফিরিয়ে আনার তাগিদ দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম-দুর্নীতিসহ নানা কারণে সংকটে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা ফিরিয়ে আনার তাগিদ দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "চারদলীয় জোট সরকারের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারী, পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসব কারণে প্রতিষ্ঠানটির উপর মানুষের আস্থা কমে গেছে। এর ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে।" প্রতিষ্ঠানটির নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিভিন্ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশের কথাও জানান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া চলছে জানিয়ে নাহিদ বলেন, একটি কেন্দ্র থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। কারণ এখানে ১২ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ভুল-ক্রটি চিহ্নিতকরণের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। চার দলীয় জোট সরকার আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পাওয়া এক হাজার দুইশ ২২ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ গত ২৩ অগাস্ট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, "রায়ের কপি এখনো হাতে পাইনি। ফলে এ ব্যাপারে এখনই মন্তব্য করা যাচ্ছে না।" সভায় শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য তোফায়েল আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এবং শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৯৩১ ঘ.