ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা ও ছাত্রদের সঙ্গে হাতাহাতির অভিযোগে দু'যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন- মোহাম্মদ হোসেন (২২) ও রাজিব (২৫)।
রোববার বিকেলে মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রমনা থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান।
প্রত্যক্ষদর্শী ছাত্র ফরিদ জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি বাস মগবাজার ওয়্যারলেস পৌঁছালে বাস থেকে একজন ছাত্রী নামার সময় মোটর সাইকেল আরোহী দু'যুবক ছাত্রীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে।
পরে বাসের অন্য ছাত্ররা নেমে যুবকদের বাধা দিলে তারা ছাত্রদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে ছাত্ররা তাদের প্রক্টরকে ফোনে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা দায়ের করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৪৯ ঘ.
bdnews24