জিয়া শাহীন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বগুড়া, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি বিষয়ে শিক্ষার্থী থাকলেও কোনো স্থায়ী শিক্ষক নেই।
শিক্ষার্থীদের জন্য দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প ও বড়পুকুরিয়ার কয়লা খনি প্রকল্পে তিন মাসের ইন্টার্নশিপ বাধ্যতামূলক থাকলেও তা দেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষও জোরালো কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন ওই বিভাগের শিক্ষার্থীরা। ফলে তারা নিজেদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। সমস্যা সমাধানে আন্দোলনে যাচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জেলা প্রেসক্লাবে এসে নিজেদের নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান।
এ ব্যাপারে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, আসলে বিষয়টি নিয়ে কিছু সমস্যা আছে। তবে অচিরেই শিক্ষক নিয়োগসহ সব ধরনের অসুবিধা দূর করার চেষ্টা করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ওই বিভাগের কিছু শিক্ষার্থী অন্য কোনো উদ্দ্যেশে এ নিয়ে আন্দোলন করার পাঁয়তারা করছে।
শিক্ষার্থীরা জানান, খনিজ সম্পদ অণুসন্ধান ও উত্তোলনে দেশীয় কারিগরি বিশেষজ্ঞ তৈরির লক্ষ্য নিয়ে ২০০৬ সালে ইনস্টিটিউটে একটি প্রকল্পের অধীনে মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি কোর্স চালু করা হয়। কোর্স চালুর পর খণ্ডকালীন দুইজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিন্তু পরে তারা অন্যত্র চাকরি নিয়ে চলে যায়।
এরপর অন্য বিভাগ থেকে একজন শিক্ষক এনে ওই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়। ইনস্টিটিউটের প্রথম ব্যাচ থেকে পাশ করা তিনজনকে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে এই বিভাগে ৪৭৫ জন শিক্ষার্থী রয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রথম ব্যাচের শিক্ষার্থীরা মধ্যপাড়া ও বড়পুকুরিয়া প্রকল্পে তিন মাসের ইন্টার্নশিপ করতে পারলেও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছে না।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পের মহা-ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ব্যাচের শিক্ষার্থীরা এখানে ইন্টার্নশিপ করেছে। এ বছর আমরা কোনো চিঠি পাইনি। তিনি জানান, এই খনিতে ইন্টার্নশিপ করা যাবে না এমন কোনো কথা খনি কর্তৃপক্ষ বলেনি।
শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের দাবিতে গত বছরের ২৬ অগাস্ট জেলা প্রশাসক, কারিগরি শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে স্মারকলিপি দেয়। তবে এতে কোনো কাজ হয়নি বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, বিভাগে স্থায়ী শিক্ষক নিয়োগ, ইন্টার্নশিপ বহাল রাখা, বাপেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপনে মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি বিষয়টির উল্লেখ করা এবং বিভাগের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া।
এসব দাবিতে রোববার শহরে শিক্ষার্থীদের মানববন্ধন করার কথা রয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের উদ্যোগের ফলে শনিবার বিকেল সাড়ে ৪টায় ইনস্টিটিউটের অধ্যক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসেন। অধ্যক্ষ শিক্ষার্থীদের প্রতি আন্দোলন পিছিয়ে দেওয়ার আহ্বান জানালে শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অব্যাহত রাখে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের প্রতি আন্দোলন পিছিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিলো। কিন্তু তারা তা প্রত্যাখান করেছে।
তিনি জানান, রোববারের মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বলতে না পারে তার জন্য কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৪৩ ঘ.
bdnews24