চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ কর্মীদের দুর্ব্যবহারে প্রক্টর ও তার তিন সহকারীর পদত্যাগের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে 'সমঝোতার' চেষ্টা চালাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।
তবে পদত্যাগকারী প্রক্টর ড. আকতার হোসেন সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাকিব-সাকিব গ্র"পের ২০ থেকে ২৫ জন কর্মী মঙ্গলবার দুপুরে প্রক্টর আকতার হোসেনের সঙ্গে দেখা করে তাদের বিরুদ্ধে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা বিভিন্ন মামলা এক দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানায়। দাবি পূরণ না হলে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দেয় তারা।
বিশ্ববিদ্যায় থেকে এক বছরের জন্য বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বি সুজন এ সময় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রক্টরের সঙ্গে দুর্ব্যবহার করে বলেও জানা গেছে।
ওই ঘটনার পরপরই পদত্যাগপত্র জমা দেন প্রক্টর ও তার তিন সহকারী পরিসংখ্যান বিভাগের মো. মঞ্জুর মোর্শেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো মঈনুল ইসলাম ও প্রাচ্যভাষা বিভাগের শিপক কৃষ্ণ দেবনাথ।
একজন সহকারী প্রক্টর নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ কর্মীরা শিক্ষকদের সঙ্গে দুর্র্ব্যবহার করেছেন, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আত্মসম্মান রক্ষার্থে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।"
মঙ্গলবারের ওই ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক বা আইনি ব্যবস্থা না নিয়ে সমঝোতার চেষ্টা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার দিনভর বিভিন্ন পর্যায়ে আলোচনা চলে। দুপুরে এক বৈঠকে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য প্রক্টর ও সহকারী প্রক্টরদের অনুরোধ করেন।
তবে রাত ৮টা পর্যন্ত বিষয়টির ফয়সালা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম।
পদত্যাগী প্রক্টর ড. আকতার হোসেন বলছেন, সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শিক্ষকদের মান-সম্মান রক্ষার জন্য পদত্যাগ করা ছাড়া বিকল্প ছিল না। তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সীমা ছাড়িয়েছে।"
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। ছাত্রলীগ নেতাদের প্রক্টরের কাছে ক্ষমা চাইতে বলেছি।"
সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে উপাচার্য বিষয়টি এড়িয়ে যান।
একই প্রশ্নের জবাবে উপ উপাচার্য মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রমাণ পাওয়া সাপেক্ষে অতীতে বিভিন্ন ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবারের ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।"
ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে হুমকি ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলেও তেমন কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
গত ৯ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের প্রভোস্ট এবং ১৯ ফেব্র"য়ারি আলাওল হলের প্রভোস্টের সঙ্গে অশোভন আচরণ করে ছাত্রলীগ কর্মীরা। দুটি ঘটনায় প্রভোস্টের কক্ষেও ভাংচুর চালানো হয়।
এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি করলেও প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিটির সদস্য জহিরুল কাইয়ুম।
এসব বিষয়ে জানতে চাইলে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের ঘটনা জানি না। তখন আমি দায়িত্বে ছিলাম না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমসি/জেকে/২১৫৬ ঘ.
bdnews24