২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির প্রক্টর ও ৩ সহকারীর পদত্যাগ

'ব্যক্তিগত' কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ও তার তিন সহকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

চট্টগ্রাম, অগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ব্যক্তিগত' কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ও তার তিন সহকারী। মঙ্গলবার দুপুরে তারা উপাচার্য বরাবর পদত্যাগ পত্র জমা দেন। এদের মধ্যে ড. মোহাম্মদ আকতার হোসেন প্রক্টরের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিন সহকারী প্রক্টর হলেন- পরিসংখ্যান বিভাগের মো. মঞ্জুর মোর্শেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো মঈনুল ইসলাম ও প্রাচ্যভাষা বিভাগের শিপক কৃষ্ণ দেবনাথ। সহকারী প্রক্টর মঈনুল ইসলাম ও শিপক কৃষ্ণ দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তিগত কারণে আমরা পদত্যাগ পত্র জমা দিয়েছি। এ বিষয়ে জানতে প্রক্টর আকতার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন সহকারী প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ কর্মীরা শিক্ষকদের সঙ্গে দুর্র্ব্যবহার করেছেন, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আত্মসম্মানবোধ রক্ষার্থে আমরা পদত্যাগ পত্র জমা দিয়েছি।" মঙ্গলবার দুপুর ১২ টার দিকে চবি ছাত্রলীগের রাকিব-সাকিব গ্র"পের ২০ থেকে ২৫ জন কর্মী প্রক্টর ড. আকতার হোসেনের সঙ্গে দেখা করে তাদের বিরুদ্ধে পুলিশ ও চবি কর্তৃপক্ষের করা বিভিন্ন মামলা এক দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানায়। তাদের দাবি পূরণ না হলে ক্যাম্পাস অচল করে দেওয়ারও হুমকি দেয় তারা। পরে দুপুর দেড়টার দিকে এক বছরের জন্য বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বি সুজন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রক্টরের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ব্যাপারে চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা জানতে পেরে আমি সুজনকে নিয়ে স্যারের সঙ্গে দেখা করেছি। সুজন স্যারের কাছে ক্ষমা চেয়েছে।" পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঢাকায় আছি, তবে শুনেছি কয়েকজন ছেলে প্রক্টরের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২০৫৪ ঘ.