চট্টগ্রাম, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বেতন ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনকালে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পাঁচ মামলার চারটি এখনও প্রত্যাহার হয় নি।
গত বছর শিক্ষার্থীরা এই আন্দোলন করার সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।
এসব মামলা প্রত্যাহার দাবিতে মঙ্গলবার সকালে চবি ক্যাম্পাসে মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। মিছিল শেষে এ বিষয়ে চবি প্রক্টরের মাধ্যমে উপাচাযের্র কাছে স্মারকলিপি দিয়েছে তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সমঝোতা বৈঠকে সকল মামলা প্রত্যাহারের প্রতিশ্র"তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু আন্দোলনের পর এক বছর পেরিয়ে গেলেও চারটি মামলায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এখনো আসামি রয়ে গেছেন।
বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে ২০১০ সালের ২ অগাস্ট সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। ওইসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা চবি'র বিভিন্ন অনুষদসহ পুরো ক্যাম্পাস জুড়ে ভাংচুর চালায়।
ওই সংঘর্ষে ২০ পুলিশ সদস্য ও অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। ভাংচুরের ঘটনায় ২৬০ জনকে আটক করে পুলিশ।
ভাংচুর ও সম্পদের ক্ষতি সাধনের অভিযোগে চবি'র সেসময়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং কর্তব্য কাজে বাধাদান ও হামলার অভিযোগে হাটহাজারী থানার পুলিশ বাদি হয়ে ঘটনার দিনই আলাদা দুটি মামলা দায়ের করে।
আটক ২৬০ জনের মধ্যে ৫৪ জনকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরে রাষ্ট্রীয় কাজে বাধাদানের অভিযোগে চবি'র রেজিস্ট্রার বাদি হয়ে আরেকটি, নগরীর ষোলশহর রেলস্টেশনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি ও গাড়ি ভাংচুরের অভিযোগে এক ব্যক্তি বাদি হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করে।
এর মধ্যে চবি কর্তৃপক্ষের করা রাষ্ট্রীয় কাজে বাধাদানের মামলা থেকে সব আসামি অব্যাহতি পেয়েছেন।
চবি বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ শিক্ষার্থী আন্দোলন কমিটি'র আহ্বায়ক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী তবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ও চবি প্রশাসন আমাদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে। ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে চবি কর্তৃপক্ষ সব মামলা প্রত্যাহারের প্রতিশ্র"তি দেয়। কিন্তু এক বছর পরও চারটি মামলা প্রত্যাহার হয়নি।
তিনি বলেন, এই চার মামলায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১২ শিক্ষার্থীর নামোল্লেখ করা হয়েছে।
হাটহাজারী থানায় পুলিশের দায়ের করা মামলায় গত ৪ জুলাই ১২ আসামিকে অব্যাহতি দিয়েছে আদালত।
চবি প্রক্টর ড. মোহাম্মদ আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।
ব্যক্তি ও পুলিশ বাদী মামলা মিমাংসা করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।
সমঝোতা অনুযায়ী মামলা প্রত্যাহারের বিষয়ে চবি'র বর্তমান উপাচার্য ড. আনোয়ারুল আজিম আরিফের সাথে গত ২৩ জুলাই দেখা করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে তবারক বলেন, দীর্ঘদিন চবিতে ভারপ্রাপ্ত উপাচার্য দায়িত্ব পালন করায় এ বিষয়টি সুরাহা হয় নি। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে নতুন উপাচার্য আশ্বাস দিয়েছেন ।
অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের 'হয়রানি থেকে মুক্তি' দেয়ার দাবি জানিয়ে তবারক বলেন, ওই দিন যেসব পুলিশ সদস্য ছাত্রীদের ওপর হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়া হয়নি। অথচ ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে আমরা এখনো মামলা বয়ে বেড়াচ্ছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/১৭৩৯ ঘ.
bdnews24