ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোকে স্থায়ীভাবে নিবন্ধিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জিএম জাহাঙ্গীর কবীর রানা বলেন, দেশের ৬৩ হাজার পাঁচশ কিন্ডারগার্টেনের অধিকাংশই নিবন্ধিত হতে পারেনি।
অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন না থাকায় স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি কিন্ডারগার্টেনের নিবন্ধন ফি ছয় হাজারের পরিবর্তে তিন হাজার টাকা করার দাবি জানান।
কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সরকারি স্থায়ী নিবন্ধনের আওতায় আনতে একটি নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তিনি।
এছাড়া কিন্ডারগার্টেন স্কুলগুলোকে থানা ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে নেওয়া, নিবন্ধিত স্কুলগুলোর পাঁচ জন শিক্ষককে সরকারিভাবে বেতন দেওয়া এবং সরকারকে প্রদেয় রিজার্ভ ফান্ড এক লাখ টাকা থেকে কমিয়ে পঞ্চাশ হাজার টাকা করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও কো-চেয়ারম্যান মো. শাহীদুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/পিডি/২১২৩ ঘ.
bdnews24