সিলেট, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শিক্ষা বোর্ডের ২০১১ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে, তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
গত বছর পাসের হার ছিলো ৭৬ দশমিক ১২ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬৮ ভাগে।
গত বছর ৫৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো। এবার এ কৃতিত্ব দেখিয়েছে ৮৮৭ জন।
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৩০ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো। এর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৩৮১ জন।
বুধবার সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দিন ২০১১ সালের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন।
সিলেটে ১৩০টি কলেজের মধ্যে সিলেট এমসি কলেজ থেকে সবচেয়ে বেশি ১৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১৪৮ এ কৃতিত্ব দেখিয়েছে।
এ বোর্ডে চারটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কেউ পাস করতে পারেনি, এমন কলেজ এবার নেই।
সিলেট বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ১৪ হাজার ৩৭৮ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ১৭২ জন। ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৭০ ভাগ। পরীক্ষায় ১৬ হাজার ৫১৬ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ২০৯ জন। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৯২ ভাগ।
বিজ্ঞান বিভাগ থেকে এবার ৫ হাজার ১৯৭ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪ হাজার ১৬৬ জন। বিজ্ঞান বিভাগে পাশের হার ৮০ দশমিক ১৬ ভাগ।
মানবিক বিভাগ থেকে এবার ১৯ হাজার ৯৩৯ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ২৮৫ জন। পাসের হার ৭১ দশমিক ৬৮ ভাগ।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার ৫ হাজার ৭৫৮ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪ হাজার ৯৩০ জন। এ বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৬২ ভাগ।
বিজ্ঞান বিভাগ থেকে ৬২০ জন, মানবিক বিভাগ থেকে ১২৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের ৪৯২ জন ছেলে এবং ৩৯৫ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
ফলাফল সম্পর্কে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মনির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলাফল সন্তোষ জনক হয়েছে। বোর্ডে এবার পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে।
শিক্ষার গুণগত মান বাড়াতে কলেজগুলোর ওপর বোর্ডের নজরদারি থাকায় শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে দাবি করেন তিনি।
সিলেট বোর্ডের সেরা ২০টি কলেজ
পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তি দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি কলেজ হচ্ছে- সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট কমার্স কলেজ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জের বানিয়াচংয়ের শচিন্দ্র কলেজ, সিলেট সরকারি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, সিলেটের স্কলার্স হোম, মৌলভীবাজার সরকারি কলেজ, সিলেটের জালালাবাদ কলেজ, মৌলভীবাজারের সুজা মেমোরিয়াল কলেজ, তৈয়বুন্নেচ্ছা খানম একাডেমি, সিলেটের মদন মোহন কলেজ, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেটের গোয়াইনঘাট কলেজ, এমসি একাডেমি ও ঢাকা দক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৪ ঘ.
bdnews24