ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এ হার গতবারের চেয়ে শূন্য দশমিক ৮ ভাগ বেশি। এবার জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার বেড়ে ৩৯ হাজার ৭৫৯ হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সরকারি মহিলা কলেজের ফল জানিয়ে ফলাফল ঘোষণা করেন। ভিডিও কনফারেন্সে চাঁদপুরের উত্তীর্ণ তিন শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
বেলা সাড়ে ১২টায় বিস্তারিত ফলাফল তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত ৫ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরী বোর্ড ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১০ বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ লাখ ৬৪ হাজার ৮২৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ২৬১ জন।
গত বছর অর্থাৎ ২০১০ সালে উত্তীর্ণের হার ছিলো ৭৪ দশমিক ২৮ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ২৮ হাজার ৬৭১ জন।
আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা গত ৫ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়। ঘোষণা অনুযায়ী পরীক্ষার ৫৫ দিনের মধ্যেই ফল প্রকাশ হলো।
নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাঠদানে শিক্ষকদের আরো মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
ফল গেলো ই-মেইলে
এবার প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইলে ফল পাঠানো হয়েছে। সেখান থেকে ডাউনলোড করে ফল প্রকাশ করবে প্রতিষ্ঠানগুলো।
দুপুর ২টার পর থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটিি (www.educationboardresults.gov.bd), সংশ্লিষ্ট কলেজ এবং টেলিটক মোবাইল থেকে বোর্ডের ইংরেজি আদ্যক্ষরের প্রথম তিন অক্ষররোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
ফল পুনঃনিরীক্ষণ
২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত শুধুমাত্র টেলিটকের প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
এজন্য ম্যাসেজ অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএস-এ পিন নম্বর পাওয়ার পর ম্যাসেজ অপশনে গিয়ে RSC YESPin NumberContract Mobile No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
একই এসএমএস-এ একাধিক বিষয় পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে বলে টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৩০ ঘ.
bdnews24