রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কমিটি গঠন ও একই স্থানে সভা করাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় উভয় পক্ষের কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন।
বিএনপিপন্থি শিক্ষকদের সাদা প্যানেল গত ১৯ জুলাই সংগঠনের দুই বছর মেয়াদি ১০১ সদস্যর একটি কার্যকরী কমিটি গঠন করে। এ কমিটি ঘোষণা করার জন্য মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে তারা একটি সাধারণ সভা ডাকে।
তবে একই সময় শিক্ষকদের আরেকটি অংশ (সোনালী প্যানেল) একই স্থানে সভা ডাকে।
মঙ্গলবার সাদা প্যানেলের সদস্যরা কক্ষে ঢুকে সভা শুরু করলে হলুদ প্যানেলের সদস্যরা সেখানে গিয়ে কার্যক্রমে বাধা দেয়। এক পর্যায়ে সোনালী প্যানেল সাদা প্যানেলের ওপর চড়াও হলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সাদা প্যানেলেরর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, "আমরা পূর্বঘোষিত কর্মসূচি হিসেবেই সভা করছিলাম। এসময় সোনালী প্যানেলের শিক্ষকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমাদের ওপর হামলা চালায়।"
সোনালী প্যানেলের সাধারণ সম্পাদক অধ্যাপক খোন্দকার ইমামুল হক বলেন, "আমরা সেখানে গেলে সাদা প্যানেলের শিক্ষকরা আমাদের ওপর চড়াও হয়। এ সময় আমাদের কয়েকজন সদস্যকে লাঞ্ছিত করে তারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৯ ঘ.
bdnews24