ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ছুটির সময় আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।
সোমবার দুপুরে প্রভোস্ট কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মো. গোলাম সাকলাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পবিত্র রমজান, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩১ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্তবিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এছাড়া অফিস বন্ধ থাকবে ২৫ অগাস্ট থেকে ৬ সেপ্টম্বর পর্যন্ত, বলেন তিনি।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, ১ অগাস্ট সোমবার দুপুর একটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় হলগুলো খুলে দেওয়া হবে।
শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনা করে ছুটির সময় আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটির সময় অনেক বিভাগের পরীক্ষার সময় নির্ধারণ করা আছে। কিন্তু আবাসিক হল বন্ধ থাকলে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24