২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ

ছাত্র অসন্তোষের মুখে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

নোয়াখালী, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র অসন্তোষের মুখে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে মঙ্গলবার তারা কলেজে ভাংচুর করে। এর পরিপ্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায়ই কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। এদিকে আন্দোলনরত দ্বিতীয় বর্ষের ৫৮ জন শিক্ষার্থী বুধবার কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে মঙ্গলবার বিকাল ৫টার দিকে ক্যাম্পাসে ভাংচুর চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, এর পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সিনা মো. রোকনুল কাদের শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বৈঠকে কলেজ অনির্দিষ্টকালের বন্ধের সিদ্ধান্ত নেন। তারা আরো জানান, গত বছরের অক্টোবর মাসে তারা দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন। কলেজ কর্তৃপক্ষ এর ফল ঘোষণা না করেই জানুয়ারিতে তাদের তৃতীয় বর্ষের ক্লাস নেওয়া শুরু করে। এদিকে আগামী সেপ্টেম্বর মাসে তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এই পরীক্ষায় কেউ খারাপ করলে তাকে বিপাকে পড়তে হবে। বিষয়টি নিয়ে তারা মঙ্গলবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো আশ্বাস না দিয়ে উল্টো মামলায় জড়ানোর হুমকি দেন। এ ব্যাপারে আবু সিনা মো. রোকনুল কাদের জানান, বিএসসি ইঞ্জিনিয়ারিং শাখাটি নতুন হওয়ায় এবং খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস নেওয়ায় পরীক্ষার খাতা দেখতে কিছুটা সময় লেগে গেছে। তবে খুব শিগগিরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অহেতুক বিক্ষোভ ও ভাঙচুর করে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করায় কলেজ বন্ধ করতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.