চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) দুই দিনব্যাপী কার্নিভাল শুরু হচ্ছে শুক্রবার।
চবিতে প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় কার্নিভালের উদ্বোধন করবেন চবি উপাচর্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। এতে আরও উপস্থিত থাকবেন চবি উপ উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর ১১টায় একটি শোভাযাত্রা বের করা হবে। এরপর চট্টগ্রাম বিভাগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার পাশাপাশি সেমিনারও অনুষ্ঠিত হবে।
একইদিন দুপুর আড়াইটায় বিনামূল্যে বিভিন্ন সফটওয়্যারের পরিচিতি এবং অনৈতিকভাবে সফটওয়্যারের ব্যবহার বন্ধে কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান ড. হানিফ।
কার্নিভালে মিডিয়া পার্টনার হিসেবে আছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কালের কন্ঠ ও রেডিও টুডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২০১৩ ঘ.
bdnews24