২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চিকিৎসার অবহেলায় রাবি শিক্ষকের মৃত্যু হয়নি'

চিকিৎসায় অবহেলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক আ ন ম সালেহ'র মৃত্যু হয়নি বলে দাবি করেছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

রাজশাহী, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক আ ন ম সালেহ'র মৃত্যু হয়নি বলে দাবি করেছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিঞা বলেন, রাবি শিক্ষকের চিকিৎসায় অবহেলার যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। হাসপাতালে ভর্তির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে যথাসম্ভব সকল চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। রামেক হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তে এ তথ্য পাওয়া যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ন ম সালেহ হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৪ জুলাই মধ্য রাতে রামেক হাসপাতালে ভর্তি হন। ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর পরই সালেহ'র পরিবার, রাবি শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের পক্ষ থেকে চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়। এই অভিযোগে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা গত ১১ জুলাই রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি তদন্তের জন্য চিঠি দেন। কর্তৃপক্ষ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের ইনচার্জ খলিলুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। তবে তদন্ত প্রতিবেদনের কপি সংবাদ মাধ্যমের কর্মীদের সরবরাহ করতে অপরাগতা প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ডা. সাইফুদ্দিন একরাম, ডা. রহিচ উদ্দিন ও ডা. মোমিন, রামেক অধ্যক্ষ ডা. গোলাম কিবরিয়া, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মহিবুল আহসান, ডা. গোপেন্দ্র নাথ আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪০ ঘ.