ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব (চলতি) পেয়েছেন ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগের প্রধান মঞ্জুআরা বেগম।
বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, চার সদস্যের অ্যাডহক কমিটি স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করবে।
এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা, সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগমের 'অপসারণ নাটক' এবং শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিলো ঢাকা শিক্ষা বোর্ড।
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রীর অভিভাবক গত ৫ জুলাই বাংলার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দেশের নামকরা এ শিক্ষা প্রতিষ্ঠান।
এরপর অভিভাবক ও শিক্ষার্থীরা পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামে। গত ৬ জুলাই পরিমলকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
পরিমল জয়ধরকে স্কুল থেকে বরখাস্ত করা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্বের অভিযোগে অধ্যক্ষের অপসারণ দাবি করেন অভিভাবকদের একটি অংশ। উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে গত শনিবার থেকে শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়ে ভিকারুননিসায়। বৃহস্পতিবার ক্লাস বর্জন করে বিক্ষোভে নামে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা।
এমনই এক পরিস্থিতিতে বুধবার প্রতিষ্ঠানটির ১০ সদস্যের পরিচালনা পর্ষদের পাঁচজন সভা করে হোসনে আরাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। ওইদিনই স্কুলের বেইলি রোডের মূল ক্যাম্পাসে অধ্যক্ষের চেয়ারে বসেন জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা।
এরপর বুধবার সন্ধ্যায় মেয়াদোত্তীর্ণ ওই পর্ষদ ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি করে দেয় ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আম্বিয়া খাতুন ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর বলেন, তিনি আর অধ্যক্ষের পদে নেই। বিকেলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে মঞ্জুআরা বেগমের নাম ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ড।
এর আগে বুধবার পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসক মহিবুল হকের নেতৃত্বে চার সদস্যের অ্যাডহক কমিটিই আপাতত প্রতিষ্ঠানটির দেখভাল করবে।"
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের জারি করা আদেশে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে প্রবিধানমালা, ২০০৯ এর অনুচ্ছেদ ৩৯ এর (ক) এর নির্দেশনা মোতাবেক অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ঢাকা জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা প্রশাসক নতুন কমিটির অভিভাবক প্রতিনিধি এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার এই কমিটির শিক্ষক প্রতিনিধি মনোনয়ন করবেন।
এই অ্যাডহক কমিটিই প্রতিষ্ঠানটির স্থায়ী অধ্যক্ষ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে ফাহিমা খাতুন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/জেকে/১৮১৮ ঘ.
bdnews24