জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষ গ্র"পের হামলায় এক ছাত্রলীগকর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া রয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় লাঠি ও রড দিয়ে এ হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান।
আহত রাসেল খান ৩৪তম ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
তিনি ছাত্রলীগের জাবি শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র"পের সমর্থক বলে সংগঠনের নেতাকর্মীরা জানান।
তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসা কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের জানান, তার মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। এছাড়া দু'টি পাও ভেঙে গেছে।
জাবি ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম শাফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে মূলধারার ছাত্রলীগ নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটছে। এগুলোর কোনটিরই বিচার হচ্ছে না।
তিনি এ ঘটনার জন্য ছাত্রলীগে তাদের প্রতিপক্ষকে দায়ী করেন।
এদিকে সভাপতি গ্র"পের প্রতিপক্ষের নেতা এসএম শামিম বলেন, ছাত্রলীগের কেউ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.
bdnews24