বরিশাল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বরিশাল জিলা স্কুলের বর্ধিত ভবনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এ সভা হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশিদ খান।
বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য ৯ জন।
অধ্যাপক হারুনর রশিদ খান জানান, প্রথম সিন্ডিকেট সভার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে। গত ২৯ জুন এ কমিটি পূর্ণতা লাভ করে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য জানান, চলতি শিক্ষাবর্ষেই নতুন এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। জেলা স্কুলের ৩ তলা বিশিষ্ট নতুন দুটি ভবনে ৩শ' শিক্ষার্থী নিয়ে চলতি বর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু হবে।
সদ্য নিয়োগ পাওয়া সিন্ডিকেট সদস্য ও জাতীয় শিক্ষা কমিটির সদস্য ইতিহাসবিদ মো. সিরাজ উদ্দিন আহমেদ জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের মানুষের একটি বিরাট অর্জন।
এটিকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৮ ঘ.
bdnews24