২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভিসির পদত্যাগ দাবি সাবেক ছাত্রদল নেতাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিককে আওয়ামী লীগের 'লোক' আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন বিএনপি সমর্থক ছাত্রদলের সাবেক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিককে আওয়ামী লীগের 'লোক' আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন বিএনপি সমর্থক ছাত্রদলের সাবেক নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রী হলে খালেদা জিয়ার নাম বাদ দেওয়ার প্রতিবাদে সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন তারা। ২০০৫ সালে খালেদা জিয়ার নামে ওই হলের নামকরণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সিনেট। গত ২৮ জুন বর্তমান সিনেট তা বাতিল করে তা কবি সুফিয়া কামালের নামে করার সিদ্ধান্ত নেয়। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি ও সাবেক ছাত্রদল সভাপতি আমানউল্লাহ আমান বলেন, "বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে সরকার ক্রীড়নকে পরিণত করেছে। আওয়ামী লীগের নেতাকে অনির্বাচিতভাবে উপাচার্য পদে বসিয়ে রাখা হয়েছে। দলীয় উপাচার্যের কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক সংগঠনগুলোর সহাবস্থান নেই। আমরা এ উপাচার্যের পদত্যাগ দাবি করছি।" সংবাদ সম্মেলনের সাবেক নেতাদের মধ্যে ছিলেন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, রুহুল কবির রিজভী, খন্দকার লুৎফর রহমান, ইলিয়াস আলী, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, বিলকিস জাহান শিরিন, নীলুফার ইয়াসমীন মনি, শাম্মী আখতার, সাইমুম বেগম, শরাফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্না প্রমুখ। আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানের বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবও ছিলেন সংবাদ সম্মেলনে। হলের নাম পরিবর্তনের প্রতিবাদে গত ২ ও ৩ জুলাই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩৪ ঘ.