রাজশাহী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সরকারি কলেজে ছাত্রী হোস্টেলে বিক্ষোভ দমনে গিয়ে তিন ঘণ্টা অবরুদ্ধ ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতা। তাদের সঙ্গে কলেজ উপাধ্যক্ষও আটকা পড়েন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা আটকা পড়নে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। রাত সাড়ে ১০টার দিকে ছাড়া পান তারা।
আবাসিক ছাত্রীরা সিট ভাড়া বাবদ প্রতি সেশনে (জুলাই থেকে জুন) ১ হাজার টাকা দিয়ে থাকে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কারণে অতিরিক্ত সময় থাকার ভাড়া দিতে অস্বীকৃতি জানানো নিয়ে এ বিক্ষোভের সূত্রপাত।
শিক্ষার্থীরা জানায়, ছাত্রী নিবাসের শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে হোস্টেলে বিক্ষোভ শুরু করে। তখন উপাধ্যক্ষ হাবিবুর রহমান আন্দোলন দমাতে মহানগর ছাত্রলীগ সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকি, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহেদ খান টিটুসহ ১৫/২০ জনকে নিয়ে মহিলা হোস্টেলের তত্ত্বাবধায়ক আশরাফ উদ্দিনের কক্ষে বৈঠকে বসে।
ওই সময় ছাত্রলীগ নেতারা গালাগালি করলে ছাত্রীরা হোস্টেল তত্ত্বাবধায়কের কক্ষে অবস্থানরত সবাইকে অবরুদ্ধ করে বলে শিক্ষার্থীরা জানায়। ওই সময় বিক্ষোভে ছাত্রীদের সঙ্গে সাধারণ ছাত্র এবং ছাত্রদলের কর্মীদেরও দেখা যায়।
রাত সাড়ে ১০টার দিকে পুলিশের পাহারায় বেরিয়ে আসার সময় উপাধ্যক্ষকে নাজেহাল করে বিক্ষোভকারী কয়েকজন।
এ বিষয়ে উপাধ্যক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও কলেজ অধ্যক্ষ আলী রেজা মো. আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, সিট ভাড়ার বিষয়টি নিয়ে তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।
রাতের ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১০ ঘ.
bdnews24