২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ছাত্রী হল থেকে খালেদার নাম বাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হল থেকে খালেদা জিয়ার নাম বাদ দিয়ে এর নাম 'কবি সুফিয়া কামাল হল' করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হল থেকে খালেদা জিয়ার নাম বাদ দিয়ে এর নাম 'কবি সুফিয়া কামাল হল' করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের দ্বিতীয় দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিনেট অধিবেশনে মঙ্গলবার উত্থাপিত ২৭৭ কোটি ২৯ লাখ টাকার বাজেটও পাশ হয়েছে। হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার সময় 'বিশ্ববিদ্যালয়ের সংবিধি পরিবর্তনের জন্য নিয়মানুযায়ী ২১ দিন আগে' নোটিশ না দেওয়ায় অধিবেশনে হট্টগোল করে বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের সিনেট সদস্যরা। এর প্রতিবাদে ৪ মিনিটের জন্য অধিবেশন থেকে ওয়াকআউট করেন তারা। এদিকে নির্মাণাধীন হলের নাম 'বেগম খালেদা জিয়া হল' বহাল রাখা না হলে ২ ও ৩ জুলাই ঢাবি অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বুধবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। গত ১১ জুন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেট সভায় নির্মাণধীন এ হলের নাম বদলে 'কবি সুফিয়া কামাল হল' নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি-জামায়াত সমর্থক সাদাদলের শিক্ষকরা ওই সময় নোট অব ডিসেন্ট দিয়ে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। যদিও সিন্ডিকেট সভায় 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো জীবিত ব্যক্তির নামে হল হবে না' মর্মে সিদ্ধান্তটি গৃহীত হয় এবং সিনেট অধিবেশনে পাশের জন্য তা পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে কার্জন হলের অদূরে নির্মাণাধীন হলটির নাম 'বেগম খালেদা জিয়া হল' করা হয়। পরে একে বিশ্ববিদ্যালয়ের সংবিধিতে ১৮ তম হল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৩৫ ঘ.