চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১১- ১২ অর্থ বছরের জন্য ১১৫ কোটি ৬০ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিকালে উপাচার্যের সম্মেলন কক্ষে সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম এ বাজেট উপস্থাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১০৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১২ কোটি টাকা নিজস্ব আয় ও উৎস থেকে আহরণ করা হবে।
ইউজিসির কাছে ২০১১- ১২ অর্থ বছরের জন্য চবি'র চাহিদা ছিল ১৪৩ কোটি ১০ লাখ টাকা।
প্রস্তাবিত বাজেটে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৮ কোটি ৮০ লাখ টাকা এবং পেনশন মঞ্জুরি খাতে ১৫ কোটি টাকা।
শিক্ষা আনুষঙ্গিক খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা, মূলধন মঞ্জুরি ৯০ লাখ টাকা এবং মেরামত- সংরক্ষণ-পুনর্বাসন খাতে এক কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় বাজেটে।
চবি'র গত অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১১৫ কোটি ২১ লাখ টাকা। এরমধ্যে ইউজিসি'র বরাদ্দ ছিল ১০২ কোটি ৬০ লাখ এবং চবি'র নিজস্ব আয় ছিল ১২ কোটি ৬১ লাখ টাকা।
বাজেট অধিবেশনে উপ-উপাচার্য মো. আলাউদ্দিন, সিনেট সদস্য অধ্যাপক আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক এস এম গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/সিএস/ডিডি/২০৫৭ ঘ.
bdnews24