সিলেট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সবগুলো কক্ষে তালা লাগিয়ে দিয়েছে। ফলে বুধবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা ২০ ভাগ ক্রেডিট লস অধ্যাদেশ বাতিল করে ৪০ ভাগ ক্রেডিট লস কার্যকরের দাবিতে গত ২২ জুন থেকে আন্দোলন নামে শিক্ষার্থীরা। প্রথম দিকে এই আন্দোলন মিছিল-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মঙ্গলবার ও বুধবার তা বিক্ষোভে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সকাল সাড়ে ৮টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ভবনের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করছে ও আভ্যন্তরীণ বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে।
শিক্ষকরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অডিটোরিয়ামে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় শিক্ষকরা মিছিল করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানসম্পন্ন শিক্ষার্থী তৈরির লক্ষ্যেই ২০ ভাগ ক্রেডিট অধ্যাদেশ জারি করা হয়েছে। অনেক শিক্ষার্থী বিষয়টি না বুঝেই আন্দোলন করছে।
তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আমরা আলোচনার চেষ্টা করেছি। কিন্তু তারা আলোচনায় না বসে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেছে।
২০০৬ সালে সিলেট ভেটেনারি কলেজ-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। এখানে চারটি ফ্যাকাল্টিতে প্রায় তেরশ শিক্ষার্থী রয়েছে। প্রতি বছর শিক্ষার্থীরা দুটি করে সেমিস্টারে অংশ নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০০৯-১০ এবং ২০১০-১১ এই দুই সেশনে ভর্তি হওয়া চারটি ফ্যাকাল্টির আটটি ব্যাচের প্রায় পাঁচশ শিক্ষার্থী ৪০ ভাগ ক্রেডিট লসের দাবিতে আন্দোলন করছে। তবে তারা দাবি করেন, অন্যরাও তাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা ২০ ভাগ ক্রেডিট লসের ব্যাপারে তারা জানান, এখন এক সেমিস্টারে ১৮ ক্রেডিটের মধ্যে কেউ যদি সাতটি ক্রেডিটে ফেল করে তাহলেই তারা আর পরবর্তী সেমিস্টারে যেতে পারবে না। তাদের পুনরায় একই সেমিস্টারে থাকতে হবে।
এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও দ্রুত বিষয়টির সুরাহার দাবিতে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০১ ঘ.
bdnews24