২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী অর্থবছরে জন্য জাবির বাজেট ৮৪ কোটি টাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সালের সংশোধিত ও ২০১১-১২ সালের ৮৪ কোটি ৩৫ লাখ টাকার মূল বাজেট পাশ করেছে বিশ্ববিদ্যালয় সিনেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সালের সংশোধিত ও ২০১১-১২ সালের ৮৪ কোটি ৩৫ লাখ টাকার মূল বাজেট পাশ করেছে বিশ্ববিদ্যালয় সিনেট। মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক সিনেটের ৩০তম অধিবেশনে এ বাজেট পাস করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এ বাজেট পেশ করেন। গতবছর এই বাজেটের পরিমাণ ছিলো ৭৭ কোটি টাকা। এ বছর বিশ্ববিদ্যালয়ের জন্য মূলবাজেটে ৯২ কোটি ৮১ লাখ টাকার প্রয়োজন থাকলেও বরাদ্দ দেওয়া হয়েছে ৮৪ কোটি ৩৫ লাখ টাকা। সুতরাং মূল বাজেটে ঘাটতির পরিমাণ ৮ কোটি ৪৬ লাখ টাকা যা ২০১০-১১ সালের ১৩ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকার ঘাটতিসহ দাঁড়াবে ২২ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া এ বছরের মোট বাজেটের ৭৮ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৫ কোটি ৭৫ লাখ টাকা। এবছর সিনেটে ২০১০-১১ অর্থবছরের মূল বাজেট ৭৭ কোটি টাকা সংশোধিত করে ৮২ কোটি ১৫ লাখ টাকা অনুমোদিত হয়েছে। ২০১১-১২ অর্থবছরে বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন বাড়ি ভাড়া ইত্যাদি খাতে। এ অর্থের পরিমাণ প্রায় ৩৮ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা যা মোট বাজেটের প্রায় ৪৪ দশমিক ৭৭ শতাংশ। অন্যদিকে শিক্ষা সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্য ও গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৪ লাখ ৭৬ হাজার টাকা যা মোট বাজেটের শূন্য দশমিক ৮৯ শতাংশ। এছাড়া ছাত্রবৃত্তি ও ফেলোশিপ খাতে ৭৮ লাখ ১৬ হাজার টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ৯৩ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/১৯৩০ ঘ.