মাগুরা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ছাত্রদের ব্যবহারিক পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে- এ অভিযোগে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্ররা।
শনিবার দুপুরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষসহ ভবনের জানালার কাচ ভাংচুর করে।
অধ্যক্ষ বলেছেন, ব্যবহারিক পরীক্ষায় নয়, এরা ফেল করেছে তত্ত্বীয় বিষয়ে।
ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র দিপঙ্কর, রবিউল, হারুন, তৃতীয় বর্ষের ছাত্র সুজন, নাহিদসহ ফেল করা ছাত্ররা জানায়, কলেজে নিয়মিত ব্যবহারিক ক্লাস না হওয়া, ক্যান্টিন না থাকা ও শিক্ষক সঙ্কট ইত্যাদির প্রতিবাদে ও কিছু দাবিতে তারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কিছুদিন ধরেই আন্দোলন করছে।
এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই কর্তৃপক্ষ ১০ জনকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়েছে বলে তারা অভিযোগ করেন।
বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরে ক্ষুদ্ধ হয়ে অধ্যক্ষের কক্ষসহ কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভাংচুর করে বলে জানান তারা।
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন বর্ষ থেকে মোট ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ১০ জন ছাত্র অকৃতকার্য হয়েছে।
তবে এদের কাউকে ব্যবহারিক পরীক্ষায় ফেল করানো হয়নি। তারা প্রত্যেকেই তত্ত্বীয় বিষয়ে ফেল করেছে বলে দাবি করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩৭ ঘ.
bdnews24