২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারমাইকেলের ছাত্রাবাস খুলে দিতে শিবিরের আল্টিমেটাম

ইসলামী ছাত্র শিবির তাদের ১৭ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি, রংপুর কারমাইকেল কলেজের ছাত্রাবাসগুলো খুলে দেওয়া এবং ছাত্রাবাসের সিট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য কলেজ কর্তৃপক্ষকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

রংপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবির তাদের ১৭ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি, রংপুর কারমাইকেল কলেজের ছাত্রাবাসগুলো খুলে দেওয়া এবং ছাত্রাবাসের সিট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য কলেজ কর্তৃপক্ষকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে। ২০ জুনের মধ্যে তাদের এসব দাবি পূরণ না হলে কারমাইকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট, মহাসড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র শিবির। শুক্রবার জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবির রংপুর মহানগর শাখা এ আল্টিমেটাম দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবিরের মহানগর সাহিত্য সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিবিরের সাবেক জেলা সভাপতি তারেকুজ্জামান, শহর জামায়াতের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা সভাপতি আনোয়ারুল ইসলাম, কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জামায়াত নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ এখন গভীর সঙ্কটের মুখোমুখি। গত ১৫ মার্" কলেজ ক্যাম্পাসে দুটি ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার জের ধরে কলেজ কর্তৃপক্ষ সব ছাত্রবাস বন্ধ ঘোষণা করে। এতে আবাসিক ছাত্ররা সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে। ছাত্র শিবির ছাত্র হলগুলো খুলে দেওয়ার জন্য গত ৬ মার্চ কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করে আবেদন করে। কিন্তু ওই ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে যেতে সরকার সমর্থক ছাত্র সংগঠনের চাপের মুখে শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে 'হয়রানিমূলক' মামলা দায়ের করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীপকেন্দ্র্র নাথ দাস। এতে আরো বলা হয়, গত ৯ মার্চ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অনুষ্ঠান চলার সময় পুলিশ সেখানে হানা দিয়ে ১৭ শিবির নেতা- কর্মীকে গ্রেপ্তার করে । শুধু তাই নয়, গত ১৩ জুন কলেজ কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই কলেজের চারটি ছাত্রাবাসের আবাসিক সব ছাত্রের সিট বরাদ্দ বাতিল করে দেয়। সেইসঙ্গে ২০ জুনের মধ্যে আবাসিক ছাত্রদের সমস্ত মালামাল নিয়ে যাওয়ার চুড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গত ১২ মার্চ কলেজে ছাত্রলীগ ও শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনায় সবগুলো ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২০৮ ঘ.