চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
মো. লোকমান নামের ওই শিক্ষার্থী বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চান্দগাঁওয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
লোকমান নগরীর চান্দগাঁও থানা সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ জেলার কুরিয়ারচর থানার আলী আকবরী গ্রামের মৃত সফদর আলী ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, লোকমান চবি আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অসুস্থতাজনিত কারণে তৃতীয় বর্ষের সমাপনী পরীক্ষায় অংশ নিতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
"বিকালে সাড়ে ৫টার দিকে পরিবারের পক্ষ থেকে জানানো হলে পুলিশ গিয়ে থানার একশ গজের মধ্যে অবস্থিত লোকমানের বাসা থেকে সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করে।"
লোকমানের বড় ভাই নগরীর মেরন সান স্কুলের শিক্ষক মো. ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মার্চে শুরু হওয়া তৃতীয় বর্ষের সমাপনী পরীক্ষার দুটি বিষয়ের পরীক্ষা দেওয়ার পর জন্ডিসের কারণে বাকি পরীক্ষা দিতে পারেনি লোকমান।
"এরপর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।"
ওসমান জানান, বিকাল ৫টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে তিনি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে চবি আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোকমানের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফল খুবই ভাল ছিল। তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়ে তার সহপাঠীরা চতুর্থ বর্ষের ক্লাশ করছে।
"সব পরীক্ষা দিতে না পারায় সে জুনিয়রদের সঙ্গে কয়েকদিন আবার তৃতীয় বর্ষের ক্লাশ করেছে। এটি সে মেনে নিতে পারেনি। তাই হয়তো আত্মহত্যা করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২৩১৩ ঘ.
bdnews24