ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তারের পর তার স্বামী হাসান সাইদ বলেছেন, ফেইসবুকে এক 'বন্ধুর' ছবি মুছে ফেলা নিয়ে ধস্তাধস্তির কারণে তার স্ত্রী আহত হয়ে থাকতে পারে।
রোববার বিকালে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাইদ এ কথা বলেন।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর উত্তর মুগদায় এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর পরপরই তাকে নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাইদ সাংবাদিকদের বলেন, ৫ জুন ধানমণ্ডির বাসায় ফেইসবুকে রুমানার এক ইরানি বন্ধুর ছবি মুছে ফেলা নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়। এর এক পর্যায়ে রুমানা তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় সাইদের চোখ থেকে চশমা পড়ে যায়।
"আমি চোখে ভালো দেখতে পাই না। ধস্তাধস্তির কারণে ও (রুমানা) আহত হয়ে থাকতে পারে।"
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসান সাইদকে আদালতে হাজির করে হেফাজত (রিমান্ড) চাওয়া হবে।
গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। এরপর তাকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভারতে নেওয়া হয় রুমানাকে। তাকে চেন্নাইয়ের একটি চক্ষু হাসপাতালে ভর্তি করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন।
ঘটনার পরদিন রুমানার বাবা মঞ্জুর হোসেন ধানমণ্ডি থানায় হাসান সাইদকে আসামি করে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/১৭৩১ ঘ.
bdnews24