২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্রদলের মিছিলে লাঠিপেটা, আটক ৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে লাঠিপেটার পর দুই নেতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 05:55 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে লাঠিপেটার পর দুই নেতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। হরতালে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে পুরান ঢাকার এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে বিএনপি সমর্থিত ছাত্রদল। কলাভবন থেকে কয়েকশ ছাত্রের ওই মিছিল কয়েক মিনিট পর ক্যাম্পাসের শহীদ মিনারের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে ছাত্রদলকর্মীরা মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারী তিন জনকে পুলিশ তুলে নিয়ে যায়। পরে আরো দুজনকে আটক করা হয়। মিছিলে বাধা দেওয়ার বিষয়ে ছাত্রদল নেতাদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্যাম্পাসে দায়িত্বপালনরত কোতোয়ালি থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "ক্যাম্পাস পরিস্থিতির অবনতি যেন না হয়, সে জন্য মিছিল করতে মানা করা হয়।" কোতোয়ালি থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম দুপুর পৌনে ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট পাঁচ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক জন বহিরাগত। তিন জনকে আটকের পর উপপরিদর্শক মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, তারা সবাই বহিরাগত। আটক পাঁচ জন হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব রবি ও আল আসলাম মামুন এবং আরাফাত আলী, জিয়াউল ইসলাম ও আসাদুল্লাহ। এর মধ্যে আসাদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বলে পুলিশ পরে জানায় বলছে। ছাত্রদলের মিছিল থেকে আটক হলেও এদের মধ্যে আরাফাত আলী ছাত্রশিবিরকর্মী বলে পুলিশ কর্মকর্তা জহুরুল দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.