চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদেশিক বাণিজ্যিক জাহাজে চাকরির অনুমতিপত্রসহ (সিডিসি) দুই দফা দাবিতে শনিবার থেকে অবিরাম ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে মেরিন ফিশারিজ একাডেমীর শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে নগরীর জিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে একাডেমীর ৩০, ৩১ ও ৩২তম ব্যাচের ক্যাডেটরা এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে একাডেমীর তিন ব্যাচের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলো।
লিখিত বক্তব্যে ক্যাডেট জাবের আহমেদ বলেন, ২৯তম ব্যাচ পর্যন্ত শর্ত সাপেক্ষে একাডেমীর ক্যাডেটদের সিডিসি দেওয়া হয়েছিল।
"কিন্তু গত ২০১১ সালের ১৩ ফেব্র"য়ারি প্রকাশিত সরকারি গেজেট অনুসারে ৩০তম ব্যাচ থেকে পরবর্তী সব ব্যাচের শিক্ষার্থীদের সিডিসি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।"
উপস্থিত ক্যাডেটরা জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও কলেজ অধ্যক্ষের বরাবরে স্মারকলিপি দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
জাবের বলেন, অন্য কোনো উপায় না থাকায় আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন একাডেমীর ক্যাডেট মাহমুদুল হাসান, মেহেদী হাসান, জাবের আহমেদ, আবু সাদাত, শরিফুল ইসলাম, মো মারুফ হোসেন।
ক্যাডেটদের দ্বিতীয় দাবি- ফিশিং অফিসার ক্লাস-১ ও মার্চেন্ট অফিসার ক্লাস-৩ সনদকে সমমান ঘোষণা এবং চাকরিক্ষেত্রে সার্ভিস রুল বাস্তবায়ন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেরিন ফিশারিজ একাডেমী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২২৫ ঘ.
bdnews24