খাগড়াছড়ি, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতকরা ৩০ ভাগ পাহাড়ি ভাতার দাবিতে বুধবার তিন পার্বত্য জেলায় বেসরকারি শিক্ষক-কর্মচারীরা দুইঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
বৃহত্তর পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ এ কর্মসূচি দেয়।
তিন পার্বত্য জেলায় কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে দাবি করেন বৃহত্তর পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের খাগড়াছড়ি জেলা সমন্বয়কারী অজিত বরণ চাকমা।
তিনি বলেন, তাদের দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও সরকার দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।
এই দাবিতে গত ২৬ মে তিন পার্বত্য জেলা শহরে মানববন্ধন কর্মসূচি ও কালোব্যাজ ধারণ করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24