ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শতকরা ৪৭ ভাগ মানুষ নিরক্ষর বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন।
রোববার সরকার দলীয় সংসদ সদস্য তহুরা আলীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, দেশের বাকি শতকরা ৫৩ ভাগ মানুষ স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।
বেনজীর আহমেদের আরেক প্রশ্নের জবাবে আফসারুল আমিন বলেন, দেশে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২০ হাজার ২৭২টি। এর মধ্যে এমপিওভুক্ত বিদ্যালয় ২০ হাজার ১৪টি।
মো. হারুনুর রশীদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ২০১১-১২ অর্থবছর থেকে দেশের কোনো রেজিস্টার্ড (নিবন্ধিত) বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের কোনো পরিকল্পনা নেই।
আরেক প্রশ্নের জবাবে আফসারুল জানান, বিদ্যালয় নেই এমন দেড় হাজার গ্রামে প্রাথমিক বিদ্যালয় করা হবে।
নতুন করে প্রাথমিক বিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে কি না- সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯১৫ ঘ.
bdnews24