চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বাধার কারণে বুধবার চবি'র প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি।
এছাড়া তারা প্রাণিবিদ্যা বিভাগের প্রধান দুই ফটক এবং কয়েকটি শ্রেণীকক্ষেও তালা ঝুলিয়ে দেয়।
ক্লাশে প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় এই বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কাজ করেছে বলে জানা গেছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নেতৃত্ব দেন চবি শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন কেন্দ্রিক ছাত্রলীগনেতা রাকিব হোসেন ও শিহাবুন সাকিব ভূঁইয়া।
শ্রেণীকক্ষে তালা লাগানোর ফলে চতুর্থ বর্ষের ৪০১ নম্বর কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি বলে জানান পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহ্সান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কে বা কারা তালা লাগিয়েছে তা দেখার দায়িত্ব আমার নয়, প্রশাসনের। পরবর্তী পরীক্ষা আগামী বুধবার নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের।"
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্লাশে প্রয়োজনীয় উপস্থিতির হার না থাকায় ফরম পূরণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে সকাল ন'টার দিকে প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
পরে সকাল সাড়ে ১০ টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে তালা ভেঙ্গে ফেলা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে প্রাণিবিদ্যা বিভাগের মূল ফটক ও কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এছাড়া সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বর্ষাকালীন ছুটি শুরু হয়েছে। ক্লাশ বন্ধ থাকলেও বিভিন্ন বিভাগের পরীক্ষা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২২০০ ঘ.
bdnews24