চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ না নিয়েও তিন দশমিক ১৭ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন (চবি) এমক এক শিক্ষার্থীকে সনাক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওই ছাত্রের নাম রেদোয়ানুর রহমান। পরীক্ষার আগে গত বছরের মে মাসে তিনি বিদেশ চলে গিয়েছিলেন। তবে গত ২৯ মে ফল প্রকাশ হলে দেখা যায় তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তার প্রাপ্ত সিজিপিএ ৩ দশমিক ১৭।
পরীক্ষা কমিটির সভাপতি ও চবি কলা অনুষদের ডিন ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ডি-কোড করার সময় ভুলে এক রোল নম্বরের স্থলে অন্য একটি রোল নম্বর বসানোর ফলে এমনটি হয়েছে।"
বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মোজাফফর হোছাইন বলেন, "বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়েছে। ফলাফল সংশোধন করা হবে।"
গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশিত হয় এ বছরের ২৯ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএস/এএল/২১৫৪ ঘ.
bdnews24