রংপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্রের খাতায় ৮ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষার্থীকে উত্তর লেখার সুযোগ দেওয়ার অভিযোগে দুই কলেজ শিক্ষক সহ ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইংরেজি ২য় পত্রের ৮৮টি খাতা।
রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীর বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, এইচএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্রের ১শ' খাতা দেখার জন্য কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনারায় ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুবল চন্দ্রকে দেয় দিনাজপুর শিক্ষা বোর্ড।
শিক্ষক সুবল চন্দ্র খাতা দেখার সময় একটি খাতায় একটি মোবাইল ফোন নম্বর দেখে ওই নম্বরে ফোন করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সাথে কথা বলেন। তিনি বেশী নম্বর প্রদান করবেন বলে ১০ হাজার টাকা দাবী করেন।
এরপর ১০ হাজার টাকা নিয়ে পরীক্ষার খাতায় ওই পরীক্ষার্থীকে দিয়ে নতুন করে উত্তর লিখিয়ে নেন। এরপর ওই পরীক্ষার্থীর মাধ্যমে অন্য পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করেন।
এই চক্রের সদস্যরা রংপুর শহরে এসে কয়েকজন পরীক্ষার্থীর সাথে যোগাযোগ করে।
গোপন সংবাদের উপর ভিত্তি করে রংপুরের গোয়েন্দা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের অন্যতম হোতা কলেজ শিক্ষক আশরাফুল হককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ইংরেজি ২য় পত্রের ৮৮টি খাতা।
এরপর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার রনচিণ্ডি কলেজের শিক্ষক স্বপন কৃষ্ণ সরকারসহ ৬ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার জানান, পরীক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ের খাতা হাতে পাওয়ার পর এই প্রতারক চক্রটি পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করে পরীক্ষার খাতায় নতুন করে উত্তর লেখার সুযোগ দিয়ে আসছিলো। বিনিময়ে হাতিয়ে নিচ্ছিলো লাখ লাখ টাকা।
তবে জালিয়াত চক্রের মুল হোতা কলেজ শিক্ষক সুবল চন্দ্রকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গ্রেপ্তারকৃত আশরাফুল হক কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। অপর ৬ জন হলো নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডি স্কুল ও কলেজের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের প্রভাষক স্বপন কৃষ্ণ সরকার, রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়াগঞ্জিপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র মিষ্টার আলী, রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্ন জগত এলাকার মাহাতাব উদ্দিনের পুত্র তাহাজুল ইসলাম, রংপুর শহরের ধাপ এলাকার আমিনুর রহমানের পুত্র মারুফ, একই মহল্লার আলতাফ হোসেনের পুত্র রিজভী এবং কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র আলী রেজা।
পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে কলেজ শিক্ষক আশরাফুল হক সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, তার সহকর্মী ওই কলেজের শিক্ষক সুবল মুলতঃ এ ঘটনার মুল হোতা। তিনি পুরো বিষয়টি জানতেন না। তাকে কয়েকজন পরীক্ষার্থীর সাথে যোগাযোগ করতেই রংপুরে পাঠানো হয়েছিলো। তিনি বলেন, তিনি ভুল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৫০ ঘ.
bdnews24