নরসিংদী, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নরসিংদী তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজি বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রবাস ত্যাগ করতে বলা হয়েছে। ইনস্টিটিউটে পুলিশ মোতায়েন করা হয়েছে।
একাডেমিক ও প্রশাসনিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইনস্টিটিউটের অধ্যক্ষ মতিয়ার রহমান।
মতিয়ার রহমান বলেন, বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজি কোর্সের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে ক্লাস বর্জনসহ বিভিন্ন আন্দোলন কমসূচি চালিয়ে আসছিল।
এটি একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েই এর যাবতীয় পরিচালন ব্যয় নির্বাহ করা হয়। শিক্ষার্থীদের দাবি করছে অযৌক্তিক বলে তা মেনে নেওয়া সম্ভব নয়।
তাই পরিস্থিতি মোকাবেলায় এবং সরকারি ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ডিপ্লোমার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ছাত্র ও ছাত্রীনিবাসের সবাইকে বিকাল ৫টার মধ্যে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, ইনস্টিটিউটে সবাই সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি হয়েছে। অন্যান্য সরকারি ইনস্টিটিউটে সেমিস্টার ফি এক হাজার আট শত থাকা হলেও এখানে ধার্য করা হয়েছে আট হাজার টাকা। তাই শিক্ষার্থীরা আন্দোলন করছে।
দ্বিতীয় সেমিস্টারের ছাত্র হারুনুর রশীদ বলেন, অন্যান্য ইনস্টিটিউটের নিয়মে এটি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24