২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংসদ নির্বাচন দাবিতে বিএম কলেজে ভাংচুর

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুর করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

বরিশাল, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুর করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে তারা এ ঘটনা ঘটায় বলে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে। কলেজ অধ্যক্ষ ড. ননী গোপাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী জুনের প্রথম সপ্তাহে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবু ছাত্রনেতারা আমার কক্ষে ভাংচুর চালিয়েছে। ইট মেরে জানালার কাঁচ ভেঙ্গেছে। কোতয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বিক্ষোভকারীরা অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করেছে। পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে বর্তমানে ক্যাম্পাস পুরোপুরি শান্ত রয়েছে বলে জানান ওসি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাকসু নির্বাচনের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় দিকে ক্যাম্পাসে জড়ো হয় ছাত্রলীগের কলেজ শাখার একাংশ। তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল বের করে কলেজের প্রধান সড়ক অবরোধ করে। এ সময় সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ করে তারা। মিছিলে বহিরাগতরাও অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এসময় সড়কে বরিশাল শিক্ষা বোর্ডের একটি গাড়ি ও যাত্রীবাহী একটি টেম্পু ভাংচুর করে বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীরা অধ্যক্ষের কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে এবং তার কক্ষে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে তারা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তারা অধ্যক্ষের কক্ষে ঢুকে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে তার কাছ থেকে লিখিত নেয়। বিক্ষোভে নেতৃত্বদানকারী ও ছাত্রলীগ কলেজ শাখা থেকে বহিস্কৃত নেতা মঈন তুষার বলেন, বাকসু নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক দাবি। নির্বাচন নিয়ে অধ্যক্ষ আজ-কাল করে করে সময়ক্ষেপণ করেছেন। বাধ্য হয়েই আন্দোলনের ডাক দেয়া হয়েছে। অধ্যক্ষের কার্যালয়ে হামলা ভাংচুরের কথা অস্বীকার করে মঈন বলেন, পুলিশ উল্টো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লঠিচার্জ করেছে। এতে ছাত্রলীগের ৭/৮ জন কর্মী আহত হয়েছে। ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক শুভ সেন বলেন, অধ্যক্ষের কার্যালয় ভাংচুর ও তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা ঠিক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯২৪ ঘ.