চাঁদপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণ দাবিতে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কচুয়া-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। তারা এ সময় ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমানের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে শ্লোগান দেয়।
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইউব আলী সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এরপর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এর আগেও শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে দুই দিন ক্লাস বর্জন করে।
শিক্ষার্থীদের অভিযোগ, মাসুদুর রহমান বিভিন্ন বিভাগ থেকে ল্যাব সহকারীর মাধ্যমে চাঁদা আদায়, ঘুষসহ নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
তবে মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, কিচুদিন আগে পরীক্ষায় অকৃতকার্য হওয়া এক ছাত্রকে পাস করানোর তদবির এবং দলীয় সংগঠনের কার্যক্রম চালানোর নামে তার কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্রলীগ।
তিনি অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকার করায় ছাত্রলীগ কর্মীরা এসব করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৩৩ ঘ.
bdnews24