বরিশাল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় শিবিরের আটক ৫ জনসহ ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলেজের অধ্যক্ষ।
সোমবার সন্ধ্যায় কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবু তাহের এই ৮ জনের বিরুদ্ধে মারপিট এবং মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগ আনেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন শের-ই বাংলা মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র ও ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজানগর গ্রামের বাসিন্দা মো. হোসেন সরকারের ছেলে সানাউল হক সরকার, একই বর্ষের ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঈশ্বর গ্রামের বাসিন্দা একেএম সিরাজুল ইসলামের ছেলে শেখ মোহাম্মদ উল্ল্যাহ, শরিয়তপুরের সখিপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে মো. নাজিমউদ্দিন, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুরের বাসিন্দা মুজাম্মেল হক ভুইয়ার ছেলে মাজহারুল ভুইয়া সজিব, কুমিল্লা কোতয়ালী থানার লক্ষীপুর গ্রামের বাসিন্দা আবুল হাসেমের ছেলে মো. ফয়জুল্লাহ, ৩৮তম ব্যাচের মাসুদ, ফাহিম ও শেখ মোহাম্মদ উল্ল্যাহ।
মামলার আসামিরা সোমবার কলেজের প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে তিন ছাত্রকে মারধর করে টাকা পয়সা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় বলে এজাহারে অভিযোগ আনেন অধ্যক্ষ।
কোতয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, আটক ৫ শিবির নেতাকর্মীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৬ ঘ.
bdnews24