কক্সবাজার, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের আট ছাত্রলীগ নেতাকর্মীকে অন্য ইনস্টিটিউটে বদলি করায় সংগঠনটির বিরুদ্ধে ব্যাপক ভাংচুরের অভিযোগ উঠেছে।
এ সময় এক ছাত্রকে ইনস্টিটিউটের দোতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষক ও ছাত্র শিবিরকর্মীদের বিরুদ্ধে। এছাড়া আহত হয় আরো এক ছাত্র।
আহত ইশতিয়াকুর রহমান ও ইমরানুল হককে (১৮) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বদলি করা আট ছাত্র হলেন- কম্পিউটার ৮ম পর্বের ইমতিয়াজুল ইসলাম, সিভিল ৬ষ্ঠ পর্বের ওসমান গণি, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আরিফুল ইসলাম, তমজিদুল ইসলাম, ফুড ৬ষ্ঠ পর্বের জালাল উদ্দিন খান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন ৬ষ্ঠ পর্বের আজগর হোসেন ও মাহবুব আলম।
এরমধ্যে ইমতিয়াজুল ইসলামকে কুড়িগ্রাম, ওসমান গণি, মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও তমজিদুল ইসলামকে লক্ষীপুর, আরিফুল ইসলামকে দিনাজপুর, জালাল উদ্দিন খানকে নরসিংদী, আজগর হোসেন ও মাহবুব আলমকে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করা হয়।
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বদলি করার পর কিছু উশৃঙ্খল ছাত্র ইনস্টিটিউটে হামলা ও ভাংচুর করেছে। ওই সময় ইনস্টিটিউটের কয়েকজন কর্মচারী সামান্য আহতও হন।
এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই আট ছাত্রের বদলি আদেশও বহাল রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষক মোহাম্মদ আশরাফুজ্জামান, ছাত্র আবদুল্লাহ আল মামুন ও আবদুর রহিম সাংবাদিকদের জানান, সকালে অধ্যক্ষ এই আট ছাত্রকে তার কক্ষে ডেকে বদলির আদেশের কথা জানান।
তাদের বিরুদ্ধে প্রায় এক মাস আগে একজন শিক্ষককে মারধরের অভিযোগ আনা হয় বলেও জানান তিনি।
তারা জানান, বদলির আদেশের কথা শোনার পরই ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যক্ষ ও অন্য শিক্ষকদের কাছে প্রতিবাদ জানায়। এদের কয়েকজন শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে। ইনস্টিটিউট ভবনে ভাংচুর করে। ইটপাটকেল নিক্ষেপ করে।
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বদলির আদেশ পাওয়া ছাত্রলীগকর্মী আজগর হোসেন জানান, গত ২৫ এপ্রিল রাতে ইনস্টিটিউটের নন-টেক বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলমকে অজ্ঞাত পরিচয় লোকজন মারধর করে। এই ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ও কোনো প্রমাণ ছাড়াই ছাত্রলীগের আট ছাত্রকে দোষারোপ করা হচ্ছে।
এই আটজনই ছাত্রলীগের নেতাকর্মী বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের অন্যায়ভাবে বদলি করায় সাধারণ ছাত্ররা এ ভাংচুর চালায়। এতে ছাত্রলীগ জড়িত নয়।
ছাত্রলীগকর্মী রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন ৬ষ্ঠ পর্বের ছাত্র ইশতিয়াকুর রহমানকে এক শিক্ষক ও ছাত্র শিবিরের কর্মীরা ইনস্টিটিউটের দোতলা থেকে ফেলে দেয় বলেও তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে ছাত্র শিবিরের জেলা সভাপতি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় শিবিরের কেউ ওখানে ছিল না। এ অভিযোগ সত্য নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৭ ঘ.
bdnews24