২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় ৩ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রাথমিকভাবে ২ লাখ ৮০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রাথমিকভাবে ২ লাখ ৮০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার। এ লক্ষ্যে দেশের একশ ২৮টি উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রোববার শাহিন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে মাধ্যমিক স্তর থেকে পাঠ্যক্রমে কম্পিউটার বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিষয়ক পাঠ্যসূচিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যেসব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট নেই সেসব জেলায় পর্যায়ক্রমে ১০টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। এবিএম আনোয়ারুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে মোট ৫২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে। আগামী এক দেড় মাসের মধ্যে আরো সাড়ে তিন হাজারের মতো মুক্তিযোদ্ধার সন্তান নিয়োগ দেওয়া হবে। সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে তিনি জানান, হ্রাসকৃত মূল্যে শিক্ষা উপকরণ সরবরাহের লক্ষ্যে শিক্ষা কার্ড চালুর কোনো পরিকল্পনা নেই। তারানা হালিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে মুক্তির বিষয়ে সরকার কৌশল খুঁজছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে কিছু করা হবে না। ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৪৩ ঘ.