২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবি

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি জানানো হয়। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক নূর মোহাম্মদ তালুকদার বলেন, অনেকদিন ধরে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানালেও তা করা হয়নি। ২০০৯ সালের ৮ এপ্রিল জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করে সরকার। ওই কমিটি ২০০৯ সালে প্রতিবেদন দেওয়ার পর ২০১০ সালের ৭ ডিসেম্বর জাতীয় শিক্ষানীতি পাস হয়। নূর মোহাম্মদ তালুকদার বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বার্ষিক প্রবৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর করা, বেসরকারি শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করা, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য চাকরিবিধি চালু, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য পৃথক শিক্ষা সার্ভিস কমিশন গঠনসহ ১৫ দফা দাবি জানানো হয়। এসব দাবি আদায়ে আগামী ২১ মে থেকে ১৬ জুন সারাদেশে স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী বিভিন্ন সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে ১৬ জুন আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান আলম সাজু ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/কেএমএস/১৭৪৭ ঘ.