ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ বিসিএসের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার শূন্য পদ ডিসেম্বরের মধ্যে পূরণের দাবি জানিয়েছে কৃষিবিদ ইনস্টিটিউট।
বৃহস্পতিবার ইনস্টিটিউটের নবনির্বাচিত কমিটির সভাপতি নীতিশ চন্দ্র দেবনাথ ও মহাসচিব আফম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে কমিটির নেতারা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে দেখা করে এ দাবি জানান।
নাছিম বলেন, "মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোয় প্রায় ৮০০ পদ খালি থাকলেও এসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। অস্থায়ী ভিত্তিতে এসব পদ পূরণের প্রস্তাব করা হলেও বিরোধিতার কারণে সম্ভব হচ্ছে না।"
তাই বিশেষ বিসিএসের মাধ্যমে এসব শূন্য পদে নিয়োগের কথা বলেছি, যোগ করেন তিনি।
এ বিষয়ে লতিফ বিশ্বাস বলেন, মন্ত্রণালয়ের অধীনে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরে উপজেলা পর্যায়ে জনবল থাকলেও ইউনিয়ন পর্যায়ে সঙ্কট রয়েছে। এ সংস্থাগুলোর জনবল কাঠামো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও এতে ইতিবাচক সাড়া দিয়েছেন।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিজেদের অধিকার ও কর্তব্য মেনে চলার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, দাবির পাশাপাশি নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কেও আপনাদের সচেতন থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এএল/১৭১৫ ঘ.
bdnews24