২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলাফলে ভুল: বরিশাল বোর্ডের ৩ জনকে কারণ দর্শানোর নোটিস

এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ আড়াই হাজার শিক্ষার্থীকে ফেল দেখানোর ঘটনায় বরিশাল শিক্ষা বোর্ডের তিন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 06:47 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

বরিশাল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ আড়াই হাজার শিক্ষার্থীকে ফেল দেখানোর ঘটনায় বরিশাল শিক্ষা বোর্ডের তিন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। ফলাফল প্রকাশের সঙ্গে সরাসরি জড়িত এ তিন জনকে নোটিস দেওয়া হয়েছে বলে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার সোমবার সাংবাদিকদের জানিয়েছেন । ফলাফলে ভুল হওয়ার কারণ উদ্ঘাটন করতে পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে তিন জনকে এ নোটিস দেওয়া হলো। যাদের নোটিস পাঠানো হয়েছে, তারা হলেন- কম্পিউটার বিভাগের প্রোগ্রামার কেএম শহিদুজ্জামান, পরীক্ষা শাখার কর্মচারী মহসিন ও মেহেদী হাসান। বিমল কৃষ্ণ জানান, ভুল হওয়া ফলাফল সংশোধন করে প্রকাশ করা হয়েছে। যা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করাসহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ১৯৯৯ সালে বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর ফলাফল প্রকাশের ক্ষেত্রে এ বছরই বড় ধরনের ভুল করেছে বোর্ড কর্তৃপক্ষ। গত ১২ মে সব শিক্ষা বোর্ডের এসএসসির ফলাফল একযোগে প্রকাশ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৩৫ ঘ.