২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের একাংশের হামলায় চবিতে পরীক্ষা স্থগিত

ছাত্রলীগের একাংশের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরীক্ষা আবারো স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 06:21 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের একাংশের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরীক্ষা আবারো স্থগিত করা হয়েছে। সোমবার সকালে ঝাউতলা রেলস্টেশনে চবি'র শাটল ট্রেন এবং চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় শিক্ষক বাসে হামলা চালায় ছাত্রলীগের একাংশের সমর্থকরা। এতে শাটল ট্রেনের দুই চালক আহত হয়েছেন। চবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোন ধরণের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাত্রলীগের ছিল না। তারপরও যান চলাচলে বাধা দেয়া হয়েছে। সব ঘটনাই ক্যাম্পাসের বাইরে ঘটেছে। এর সাথে নগরীর রাজনীতির সম্পৃক্ততা থাকতে পারে। তিনি জানান, শিক্ষক বাস, শাটল ট্রেন ও শহর থেকে ক্যাম্পাসে চলাচলকারী বাস সার্ভিস 'তরী' চলাচল না করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ক্লাশ চলছে। চবি'র পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৮টার দিকে নিউমার্কেট মোড়ে ও সোয়া ৮টার দিকে টাইগার পাস মোড়ে দুটি শিক্ষক বাসে ভাংচুর চালানো হয়। হামলাকারীরা বাস চালক মোমিনুল হককে লাঞ্চিত করেছে। ফরহাদ হোসেন খান জানান, সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যায় প্রথম শাটল ট্রেনটি। এটি ঝাউতলা স্টেশনে পৌঁছালে হামলা চালানো হয়। চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্ম ম্যানেজার মো. শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলায় ট্রেনচালক উত্তম কুমার ভট্টাচার্য ও সহকারি চালক ইসমাইল হোসেন আহত হয়েছেন। মো. শফিক আরো জানান, এ ঘটনার পর চবি'র শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনায় চবি'র প্রক্টর, প্রভোস্ট ও ডীনদের সাথে জরুরী বৈঠকে বসেছেন উপাচার্য। পরীক্ষা স্থগিত রাখা হলেও ক্লাশ চলছে। গত ২৯ ও ৩০ এপ্রিল শাটল ট্রেনের বগি ভিত্তিক পাঁচ সংগঠনের মধ্যে হামলা পাল্টা- হামলার ঘটনায় আট ছাত্র আহত হন। ১ মে সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত অনুসারে ১১ ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার এবং ১২ মে পর্যন্ত ক্লাশ- পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বগি ভিত্তিক সংগঠনের সদস্যদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ১ মে'র সভার সিদ্ধান্ত অনুযায়ী বগিভিত্তিক সংগঠন নিষিদ্ধ করে চবি প্রশাসন। শনিবার চবি খোলার দিনই নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করে ছাত্রলীগের রাকিব- সাকিব গ্র"পের কর্মীরা। এরা শাটল ট্রেনের 'ভিএক্স' গ্র"পের সদস্য। শনিবার বিকালে ছাত্রলীগের রাকিব-সাকিব গ্র"পের সদস্য মামুনকে পুলিশ আটক করলে ছয় দফা দাবি দিয়ে অবরোধের হুমকি দেয় এ অংশের নেতারা। রোববার 'তরী' চলাচলে বাধা দিয়েছিল ছাত্রলীগ কর্মীরা। এই গ্র"পের নেতা চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের দাবি আদায়ে কর্মসূচি চলবে। তবে সোমবারের হামলার ঘটনায় তদের কোন ধরণের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/১২১৪ ঘ.