ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আট শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষ দশে স্থান করে নিয়েছে ঢাকার আটটিসহ মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান।
এর বাইরে কুমিল্লা বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল চতুর্থ ও চট্টগ্রাম বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠান ফৌজদার হাট ক্যাডেট কলেজ দশম স্থানে রয়েছে।
৯৫ দশমিক ৬৬ পয়েন্ট নিয়ে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথমস্থানে। ৯০ পয়েন্ট নিয়ে পাঁচটি ক্যাডেট কলেজ সেরা দশের নবম স্থানে রয়েছে। ৮৯ দশমিক ৪৪ পয়েন্ট নিয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অবস্থান দশম।
এ, বি, সি, ডি ও ইসি গ্রেড পয়েন্টের ভিত্তিতে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করেছে বোর্ড কর্তৃপক্ষ। এ পয়েন্টের ভিত্তিতে প্রতিটি বিভাগে সেরা ২০ও নির্বাচন করা হয়।
দেশ সেরা দশের শীর্ষে রয়েছে ঢাকা বোর্ডের রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট পয়েন্ট ৯৫ দশমিক ৬৬।
দ্বিতীয় স্থানে ভিকারুন্নেছা নূন স্কুল ও কলেজ ৯৪ দশমিক ৯৩ পয়েন্ট, আইডিয়াল স্কুল ও কলেজ ৯৪ দশমিক ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, ৯২ দশমিক ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ দেশ সেরা প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল, পঞ্চম স্থান পাওয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পেয়েছে পয়েন্ট ৯২ দশমিক ৩৩, ষষ্ঠ স্থানে থাকা টাঙ্গাইলের বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মোট পয়েন্ট ৯০ দশমিক ৮৮, সেন্ট জোসেফ হাই স্কুল ৯০ দশমিক ৮১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে, অষ্টম স্থানে মণিপুর হাই স্কুলের পয়েন্ট ৯০ দশমিক ১৩ পয়েন্ট এবং ৯০ পয়েন্ট নিয়ে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ রয়েছে নবম স্থনে রয়েছে।
সমান পয়েন্ট নিয়ে নবম স্থানে আরো রয়েছে কুমিল্লা বোর্ডের দ্বিতীয়-তৃতীয় শীর্ষ প্রতিষ্ঠান ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ, রাজশাহী বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠান পাবনা ক্যাডেট কলেজ এবং দিনাজপুর বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠান রংপুর ক্যাডেট কলেজ।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পয়েন্ট ৭৯ ও ৮০ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে নেই তারা।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুরো ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ২ শতাংশ বেড়েছে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও দাখিলে কমেছে।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার ঢাকা বোর্ডে ৮৪ দশমিক ৬৩, রাজশাহী বোর্ডে ৮০ দশমিক ৩২, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ৮৫, যশোর বোর্ডে ৮৪ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৭, বরিশাল বোর্ডে ৭৮ দশমিক ৩০, সিলেট বোর্ডে ৮১ দশমিক ২৩ ও দিনাজপুর বোর্ডে ৭৭ দশমিক ৪৮ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এএল/২২৩৩ ঘ.
bdnews24