২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলাকায় একটি করে বিদ্যালয় করুন: প্রধানমন্ত্রী

চট্টগ্রামের সাংসদদের নিজেদের সংসদীয় এলাকায় একটি করে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাংসদদের নিজেদের সংসদীয় এলাকায় একটি করে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক টেলি কনফারেন্সে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও গোপালগঞ্জের স্বর্ণকলি বালিকা উচ্চ বিদ্যালয়েলর মধ্যে এ টেলি কনফারেন্স হয়। এ সময় প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর চট্টগ্রামের শিক্ষা, জেলা প্রশাসক ও রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। রাজনৈতিক নেতারা কথা বলার সুযোগ পেলেও বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ না পাওয়ায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষাবোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আমন্ত্রিত হলেও শিক্ষা বোর্ডের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের কেউ বসার জায়গাও পাননি। ' 'যা প্রয়োজন সরকার করবে' চট্টগ্রাম- ৮ আসনের সাংসদ নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ঢাকার মতো বন্দর নগরীতেও সরকারি উদ্যোগে আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হোক। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, "চট্টগ্রামের সব সাংসদ নিজেদের উদ্যোগে একটি করে বিদ্যালয় প্রতিষ্ঠা করুন। সরকারের তরফ থেকে যা করা প্রয়োজন তা করা হবে।" এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা বেগম, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বিশ্বাস, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। এবার পাশের হার বাড়ায় চট্টগ্রাম ও গোপালগঞ্জবাসীকে অনিন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভালো ফলাফলের এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।" এবারের ফল প্রকাশের যাবতীয় কর্মকাণ্ড ডিজিটাল পদ্ধতিতে হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, "প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে ভবিষ্যতে শিক্ষার্থীদের হাতে ১২ থেকে ২০ হাজার টাকায় ল্যাপটপ পৌঁছে দেওয়া হবে।" তিনি বলেন, "যতটুকু দেখেছি গণিত ও ইংরেজির ফলাফল একটু খারাপ। এ দুই বিষয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের দুর্বলতা দূর করতে সংসদ টিভির সহায়তা নেওয়া হবে। "সংসদ টিভির মাধ্যমে ঢাকার সেরা স্কুলের গণিত ও ইংরেজি ক্লাশ সারাদেশে প্রচার করতে শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নিতে বলব।" টেলি কনফারেন্সের চট্টগ্রাম অংশের সঞ্চালনা করেন জেলা প্রশাসক ফয়েজ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৯০৯ ঘ.