২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে 'রবীন্দ্র চেয়ার' প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'রবীন্দ্র চেয়ার' প্রতিষ্ঠায় বৃহস্পতিবার ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'রবীন্দ্র চেয়ার' প্রতিষ্ঠায় বৃহস্পতিবার ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চেয়ারের কার্যক্রম আগামী ১ জুলাই শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন যথাক্রমে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রাজীত মিত্র এবং উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, ফার্স্ট সেক্রেটারি মনোজ কুমার মহাপাত্র এবং ইন্দ্রিরা গান্ধী কারচারাল সেন্টারের পরিচালক অংকন ব্যানার্জী উপস্থিত ছিলেন। আইসিসিআর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 'রবীন্দ্র চেয়ার' স্থাপন করছে। এই সমঝোতা স্বারকের আওতায় আইসিসিআর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে রবীন্দ্রনাথ বিষয়ে বিশেষজ্ঞ একজন শিক্ষাবিদকে রবীন্দ্র চেয়ার নিযুক্ত করবে। তার বেতন-ভাতাদি ও অন্যান্য খরচ আইসিসিআর বহন করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্থানীয় সুবিধাদি দেবে। উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চেয়ার প্রতিষ্ঠার জন্য ভারতীয় হাইকমিশনার ও ভারত সরকারকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। হাই কমিশনার রাজীত মিত্র এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে এক 'ঐতিহাসিক ঘটনা' অভিহিত করে আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে আইসিসিআর ও ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৪৩ ঘ.