ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড।
মাদ্রাসা ও কারিগরিসহ ১০ শিক্ষাবোর্ডে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের এক তৃতীয়াংশই পরীক্ষায় অংশ নিয়েছে এ বোর্ড থেকে।
এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৬ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ২৪ হাজার ২৯০ জন পরীক্ষা দিয়েছে ঢাকা বোর্ড থেকে। এ তালিকায় সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ড থেকে সর্বোচ্চ জিপিএ পেয়েছে ২১৪৮ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা বোর্ড থেকে পেয়েছে ১২ হাজার ৭৫৬ জন। এই হিসাবে কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচে কম- ১২০৫ জন।
চলতি বছর মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৮৭ শতাংশ জিপিএ ৫ অর্জন করেছে।
১০ বোর্ডে কমেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ব্যর্থতার কারণে এবার ১০ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে গতবারের তুলনায় ৬ হাজারের বেশি। তবে এসএসসিতে এ সংখ্যা সামান্য (৭০০ জন) বেড়েছে।
গত বছর সারাদেশে জিপিএ-৫ পেয়েছিল ৮২ হাজার ৯৬১ শিক্ষার্থী। এই সংখ্যা চলতি বছরের তুলনায় ৬২১২ জন বেশি।
তবে এসএসসিতে আট বোর্ডে এ সংখ্যা এবার ৬২ হাজার ৭৮৮; গতবার ছিল ৬২ হাজার ১৩৪ জন।
২০০৯ সালে ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৬২ হাজার ৩০৭ জন, ২০০৮ সালে ৫২ হাজার ৫০০ জন, ২০০৭ সালে ৩২ হাজার ৬৪৬ জন। মাদ্রাসা ও কারিগরি বোর্ড বাদ দিলে আট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন, ২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন ও ২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন।
সার্বিকভাবে পিছিয়েছে ছাত্রীরা
গত বছরের তুলনায় এবার ১০ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা কমেছে প্রায় দেড় হাজার। সবচে খারাপ ফল করেছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা।
তবে এসএসসিতে ছাত্রীদের উন্নতি বরাবরের মতোই অব্যাহত রয়েছে।
এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তিন পঞ্চমাংশ ছাত্র, বাকি দুই পঞ্চমাংশ ছাত্রী।
এসএসসিতে আট বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় ছাত্র ৩৬ হাজার, আর ছাত্রী ২৬ হাজার ৭৮৮ জন। গত বছরের তুলনায় এ তালিকায় ছাত্রদের সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার, ছাত্রী বেড়েছে প্রায় ৭০০ জন।
ছাত্র-ছাত্রীর তুলনামূলক চিত্র
১০ বোর্ডে এবার ৭৬ হাজার ৭৪৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৮৬০ জন, ছাত্রী ৩০ হাজার ৮৮৯ জন। আর শুধু আট শিক্ষাবোর্ডে ৬২ হাজার ৭৮৮ জন সর্বোচ্চ জিপিএধারীর মধ্যে ৩৬ হাজার ছাত্র, ছাত্রী ২৬ হাজার ৭৮৮।
এর মধ্যে সবার শীর্ষে থাকা ঢাকা বোর্ডে ছাত্র ১৩ হাজার ২৮৯ জন। আর ছাত্রী ১১ হাজার ১ জন।
আট বোর্ডে গত বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ছিল ৩৫ হাজার ৯৫৫ জন, আর ২৬ হাজার ১৭৯ জন ছিল ছাত্রী।
৮ বোর্ডের চিত্র: ২০১১
চলতি বছর আট শিক্ষা বোর্ডে ১৩ হাজার ২৮৯ জন ছাত্র ও ১১ হাজার ১ জন ছাত্রীকে নিয়ে (মোট ২৪ হাজার ২৯০ জন) জিপিএ-৫ এর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড।
এরপরেই রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডের ৯ হাজার ৯৩৭ জন জিপিএ-৫ ধারীর মধ্যে ছাত্র ৫ হাজরর ৭১৭ জন ও ছাত্রী ৪ হাজার ২২০ জন।
তৃতীয় স্থানে থাকা যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত ৭ হাজার ৩৭৩ জনের মধ্যে ৪ হাজর ৪৩৩ জন ছাত্র ও ২ হাজার ৯৪০ জন ছাত্রী।
এছাড়া চতুর্থ অবস্থানে থাকা কুমিল্লা বোর্ডে ৫ হাজার ৯৮১ জন (ছাত্র ৩ হাজার ৫৩৬ জন ও ছাত্রী ২ হাজার ৪৪৫ জন) এবং পঞ্চম অবস্থানে থাকা দিনাজপুর বোর্ডে ৫ হাজার ৪৮৫ জন (ছাত্র ৩ হাজার ৬০২ জন ও ছাত্রী ১ হাজার ৮৮৩ জন) শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ষষ্ঠস্থানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৪ হাজার ৮১৯ জন (ছাত্র ২ হাজার ৫৬৭ জন ও ছাত্রী ২ হাজার ২৫২ জন); সপ্তম অবস্থানে থাকা বরিশাল বোর্ডে ২ হাজার ৭৫৫ জন (ছাত্র ১ হাজার ৬১৬ জন ও ছাত্রী ১ হাজর ১৩৯ জন) জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের তালিকায় অস্টম স্থানে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডের ২ হাজার ১৪৮ জন (ছাত্র ১ হাাজর ২৪০ জন ও ছাত্রী ৯০৮ জন) সর্বোচ্চ জিপিএ পেয়েছে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৭৪৩ ঘ.
bdnews24