ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এর ২২টিই মাদ্রাসা বোর্ডের।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।
গতবছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৪৯টি। ২০০৯ সালে ছিলো ৭২টি, ২০০৮ সালে ৯১টি এবং ২০০৭ সালে ২৪৮টি প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হতে পারেনি।
এবার কেউই উত্তীর্ণ হয়নি এমন তালিকায় কারিগরি বোর্ডের রয়েছে পাঁচটি প্রতিষ্ঠান। আর সাধারণ আটটি বোর্ডের মধ্যে শুধু বরিশাল বোর্ডে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট ও দিনাজপুর বোর্ডে এ ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ২ শতাংশ বেড়েছে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও দাখিলে কমেছে।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার ঢাকা বোর্ডে ৮৪ দশমিক ৬৩, রাজশাহী বোর্ডে ৮০ দশমিক ৩২, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ৮৫, যশোর বোর্ডে ৮৪ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৭, বরিশাল বোর্ডে ৭৮ দশমিক ৩০, সিলেট বোর্ডে ৮১ দশমিক ২৩ ও দিনাজপুর বোর্ডে ৭৭ দশমিক ৪৮ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এএল/১৭৪০ ঘ.
bdnews24