ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ২০১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে গতবারের চেয়ে এবার এ সংখ্যা কমেছে।
এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মোট ৭৫০টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডের ২৫৬টি, রাজশাহী বোর্ডের ৭৬টি, কুমিল্লা বোর্ডের ১১২টি, দিনাজপুর বোর্ডের ৪৮টি, সিলেট বোর্ডের ৪২টি, যশোর বোর্ডের ১৫০টি, বরিশাল বোর্ডের ১৮টি এবং চট্টগ্রাম বোর্ডের ৪৮টি প্রতিষ্ঠান রয়েছে।
সবচেয়ে বেশি শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা বোর্ডে। এ বোর্ডের ১১৫০টি মাদ্রাসার সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
কারিগরি বোর্ডে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১১৭টি।
গতবার শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ২৯২৭টি, যা এবারের চেয়ে ৯১০টি বেশি।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার ঢাকা বোর্ডে ৮৪ দশমিক ৬৩, রাজশাহী বোর্ডে ৮০ দশমিক ৩২, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ৮৫, যশোর বোর্ডে ৮৪ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৭, বরিশাল বোর্ডে ৭৮ দশমিক ৩০, সিলেট বোর্ডে ৮১ দশমিক ২৩ ও দিনাজপুর বোর্ডে ৭৭ দশমিক ৪৮ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এএল/১৭৩০ ঘ.
bdnews24